কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু, নেই বাংলাদেশ.

 ভারত

কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু, নেই বাংলাদেশ.

৪৮বার ঘণ্টা বাজিয়ে ৪৮তম বইমেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
৪৮বার ঘণ্টা বাজিয়ে ৪৮তম বইমেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ছবি: ভাস্কর মুখার্জি

ভারতের পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী কলকাতা আন্তর্জাতিক বইমেলা মঙ্গলবার বিকেলে শুরু হয়েছে। ৪৮বার ঘণ্টা বাজিয়ে ৪৮তম বইমেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের বইমেলায় বাংলাদেশ যোগ না দেওয়ায় বাংলাভাষী বইপ্রেমীরা হতাশ হয়েছেন।

বইমেলার এবারের থিম কান্ট্রি জার্মানি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ফিলিপ আকারমান। মেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন যেখানে গড়া হতো, এবার সেখানে জায়গা হয়েছে যুক্তরাষ্ট্র, পেরু, স্পেন, আর্জেন্টিনা, যুক্তরাজ্য ও ফ্রান্সের প্যাভিলিয়ন।

বাংলাদেশ অংশ না নেওয়ায় বইমেলায় আগত বাংলাভাষী বইপ্রেমীরা হতাশ হয়েছেন। দুঃখ প্রকাশ করে তাঁরা বলেন, প্রতিবছরের কলকাতা বইমেলা দেখার জন্য মুখিয়ে থাকতেন কলকাতার বাংলাপ্রেমী বইয়ের পাঠকেরা। এবার বাংলাদেশ নেই। তাই তাঁরা হতাশ।

বইমেলার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কলকাতা বইমেলা আমাদের গর্ব। আমাদের হৃদয়ের উৎসস্থলের এক সরণি। বই আজও কথা বলে। যতই ডিজিটাল যুগ আসুক না কেন, বইয়ের কদর কমেনি।’

জীবনব্যাপী সাহিত্য সাধনার জন্য বিশিষ্ট সাহিত্যিক আবুল বাশারকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে প্রমুখ।

কলকাতা বইমেলা শুরু হয় ১৯৭৬ সালে। এবারের মেলা শেষ হবে ৯ ফেব্রুয়ারি। গতবার এই বইমেলা দেখেছে ২৭ লাখ বইপ্রেমী। বই বিক্রি হয়েছিল ২৩ কোটি রুপির।

কলকাতা বইমেলার আয়োজক সংস্থা কলকাতার পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড জানিয়েছে, গত বছর মেলায় যোগ দিয়েছিল এক হাজার ৫০টি প্রকাশনা সংস্থা। এবার যোগ দিয়েছে এক হাজার ৫৭টি প্রকাশনা সংস্থা।

Post a Comment

0 Comments