মহরম হোসেন মহিনফেসবুক

অসুস্থ হয়ে অকালেই চলে গেছে ঢাকা দক্ষিণ অনূর্ধ্ব-১৮ দলের ক্রিকেটার মহরম হোসেন মহিন। গতকাল রাতে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। মহরমের মৃত্যুর খবর প্রথম আলোকে নিশ্চিত করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার এ ই এম কাওসার।
আগামীকাল থেকে শুরু অনূর্ধ্ব-১৮ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা দক্ষিণ দলে খেলার কথা ছিল বাঁহাতি স্পিনার মহরমের। টুর্নামেন্ট সামনে রেখে গত কিছুদিন ধরে ফরিদপুরে ক্যাম্প করছে ঢাকা দক্ষিণ দল। ক্যাম্প চলাকালীন তিন-চার দিন আগে পেটে ব্যথা নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি হয় মহরম। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজে যাওয়ার পরামর্শ দেন।