আগেও শাস্তি পেয়েছিলেন মহানবী (সা.)-কে অবমাননা করা সেই গায়ক
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ০৮:০০ পিএম
আগেও শাস্তি পেয়েছিলেন মহানবী (সা.)-কে অবমাননা করা সেই গায়ক

আমির হোসেন মাগসুদলু। ছবি: সংগৃহীত
মহানবী (সা.)-কে অবমাননার দায়ে ইরানের পপ তারকা আমির হোসেন মাগসুদলু ওরফে ট্যাটালুকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। তুরস্ক থেকে প্রত্যর্পণের পর ২০২৩ সালের ডিসেম্বরে আটক হয়েছিলেন তিনি।
র্যাপ, পপ ও আরএন্ডবি ঘরানার গানের জন্য পরিচিত ট্যাটালু এর আগে ‘পতিতাবৃত্তি’ প্রচারের জন্য ১০ বছরের সাজা ভোগ করেছিলেন। এ ছাড়াও তিনি শাসন-বিরোধী প্রচারণা এবং ‘অশ্লীলতা’ প্রকাশ করার অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন।
এবার মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার জন্য দোষী সাব্যস্ত হওয়ায় ট্যাটালুকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরানের সুপ্রিম কোর্ট। খবর ‘ইতেমাদ’ ও ‘জামে জাম’সহ স্থানীয় একাধিক সংবাদমাধ্যমের।
জানা যায়, কটূক্তিসহ বিভিন্ন অপরাধের দায়ে পাঁচ বছর কারাদণ্ড পেয়েছিলেন ট্যাটালু, কিন্তু প্রসিকিউটরের (কৌসুলি) অনুরোধে ফের তার মামলা শুনানি হয়। পুনর্বিচারে তিনি মৃত্যুদণ্ড পান।
তবে মৃত্যুদণ্ডের এই শাস্তি চূড়ান্ত নয়, ট্যাটালু চাইলে এখনও আপিল করার সুযোগ রয়েছে। ইরানের বিচার বিভাগের কর্মকর্তারাও বলেছেন, মামলার চূড়ান্ত রায় এখনও জারি করা হয়নি।

0 Comments